দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের লালন ও বিকাশে পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিসিআরএ এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আমাদের ছাত্রাবস্থায় কোনো ছাত্র সংগঠনের অনুষ্ঠানে বাংলা গান ছাড়া অন্য ভাষার গান বাজতো না। ইংরেজি ও অন্যান্য ভাষার গান মানুষ শুনতো কিন্তু উৎসব পার্বণে ছিল বাংলা। আজ আর তেমনটা নয়। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে কতটা ত্যাগ, কতটা রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার অর্জন করেছি, স্বাধীন দেশ রচনা করেছি। এ জন্য পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়তে হবে।’
দেশে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনার মধ্যে যখন স্বল্প সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, তখনও আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছি, এ শিল্প ও শিল্পে কর্মরতদের উৎসাহ দেয়ার জন্য।
ইতোমধ্যে হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়াবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, মেধাবী শিল্পী কলাকুশলী সাথে নিয়ে আমাদের লক্ষ্য বিশ্ব চলচ্চিত্র বাজারে আরো মর্যাদার আসন।
ড. হাছান এ দিনের আয়োজনের প্রশংসা করে বলেন, সংস্কৃতির তথ্য দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা অত্যন্ত গুরুত্ববহ এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাংস্কৃতিক সাংবাদিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬







Pingback : সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের - tathyasangjog
Pingback : যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১২ জনের মৃত্যু - tathyasangjog
Pingback : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের - tathyasangjog