দীর্ঘ ৮ বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক জাগো নিউজকে এ তথ্য জানান। তার নাম নাফিজ সালাম উদয় (৪৫)।
এ বিষয়ে এএসপি ফজলুল হক বলেন, গ্রেফতার নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। পরিচয় গোপন রাখার জন্য দাঁড়ি কেটে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন তিনি। বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ২০০১ সালে নাফিজ সালাম উদয় এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ওপর গ্র্যাজুয়েশন শেষ করে ২০০৮ সালে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।
গ্রেফতার নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তিনটি মামলা ও মোহাম্মদপুর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুনঃ “অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”







Pingback : বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৬ - tathyasangjog
Pingback : রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩ - tathyasangjog