তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শীতকালে মাঠ গরম করার জন্য নেমেছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিনদিন আগে তারা চলে এসেছেন, হোটেলের মধ্যে তাস খেলেছেন আর মাঠের মধ্যে সামিয়ানা টাঙ্গিয়ে গরু জবাই করে রান্না-বান্না করে খেয়েছেন। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে সামিয়ানা টানিয়ে গরু জবাই করে ভুরিভোজ করার কোনো ইতিহাস এই বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনো সমাবেশ নয়, এগুলো পিকনিক।
বিএনপির শরিকদের সম্বন্ধে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে শ্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। সেই বিএনপি-জামাত যদি আবার সুযোগ পায়, এই দেশকে আবার পাকিস্তান বানিয়ে ছাড়বে, আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না। তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।
তিনি বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। আমরা কিন্তু সবার সাথে খেলবো না। রুমিন ফারহানাও বলছেন-খেলা হবে। আমরা ওদের সাথে খেলবো না, আমাদের ছাত্রলীগ খেলবে আর যুবলীগ যদি মনে করে খেললে খেলতে পারে। বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, পুকুরের বড় মাছ কিন্তু লাফায় না, পুঁটি মাছ খুব লাফায়। রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ। সমাবেশে কিছু মানুষ দেখেই পুঁটি মাছের লাফানি লাফিয়ে কোনো লাভ নেই।’
আরও পড়ুনঃ দেশে সমাবেশের নামে নাটক করছে বিএনপি: ওবায়দুল কাদের







Pingback : "বিএনপি হচ্ছে বিষধর সাপ" - tathyasangjog