বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে মাসিক তিন লাখ টাকার বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য চুক্তি করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া। বান্দরবানের দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র চালানো, বোমা তৈরিসহ পাঁচ ধরনের প্রশিক্ষণ নিচ্ছিলেন ঘরছাড়া তরুণেরা।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বান্দরবান জেলা পরিষদের মিলনায়তনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, বান্দরবান ও রাঙামাটির দুর্গম এলাকায় কেএনএফের একাধিক প্রশিক্ষণ শিবিরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫০ জনের বেশি জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছেন। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশিক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া নামের জঙ্গি সংগঠনের আমিরের নাম ও শুরা কমিটির গুরুত্বপূর্ণ ছয়জনের নাম জানা গেছে।
র্যাব জানায়, হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদ বাংলাদেশ (জেএমবি) এবং আনসার আল ইসলামের বেশ কিছু সদস্য ২০১৭ সালে নতুন করে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম শুরু করেন। পরে এই তিনটি সংগঠনের কিছু সদস্য ২০১৯ সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া (যার বাংলা অর্থ—পূর্ববর্তী হিন্দের সাহায্যকারী দল) নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করতে থাকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, গতকাল রাতে রোয়াংছড়ি বাজার এলাকা থেকে তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএনএফের সদস্যরা হলেন রোয়াংছড়ির বাজার এলাকার লালমুন সয় বমের ছেলে জৌথান স্যাং বম (১৯), লালমিন সম বমের ছেলে স্টিফেন বম (১৯) ও জিক বিল বমের ছেলে মালসম বম (২০)। তাঁদের বাড়ি একই উপজেলার জুরবারাংপাড়ায়। তিনজনই কেএনএফের সামরিক শাখার সদস্য ও গোপন আস্তানায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত।
আরও পড়ুনঃ বিএনপিই অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের







Pingback : "উসকানি দিয়ে লাশ ফেলতে চাইলে সরকার দায়ী থাকবে না" - tathyasangjog
Pingback : "ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়াদেরও আইনের আওতায় আনা হবে" - tathyasangjog
Pingback : ইতালি’র প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি - tathyasangjog